*"মমতা ব্যানার্জির চ্যাপ্টার ক্লোজ, দল তিন ভাগে ভাগ" - দিল্লি-কাণ্ডে মমতাকে তোপ অর্জুন সিংয়ের, ছাড়লেন না সিপিএমকেও*
প্রবীর রায়,ব্যারাকপুর : বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে বিজয়া সম্মিলনীতে এসে রাজ্য রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এদিন অনুষ্ঠানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি বসানোর ঘোষণা করেন তিনি। পাশাপাশি ছোটদের জন্য মিনি বার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস, সঙ্গীত শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ মিত্রা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লিতে আন্দোলন করতে যাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মুখ খোলেন অর্জুন সিং।তিনি বলেন, "এসব করে আর লাভ নেই। মমতা ব্যানার্জির চ্যাপ্টার ইজ ক্লোজ নাউ। মমতা ব্যানার্জিকে এখন আর কেউ বিশ্বাস করে না।"
তৃণমূলের বর্তমান অবস্থা নিয়েও তোপ দাগেন তিনি। অর্জুন সিং বলেন, "মমতা ব্যানার্জির দলটা তিন ভাগে ভাগ হয়ে গেছে। একটা এনসিপিআই হয়ে গেছে, একটা জীবিত তৃণমূল আর একটা মৃত তৃণমূল হয়ে গেছে। বাংলার অনেক মানুষ জানতেন না কী হবে, কিন্তু আমরা জানতাম। তাঁর এই হাল হবে, এটা অনেকে বিশ্বাস করত না। সরকারি দল আছে বলেই টিকে আছে। সরকার যেদিন যাবে, পার্টিটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।
এখন মমতা ব্যানার্জি ককরোচ পার্টির সঙ্গে হাত মিলিয়ে বাংলায় লড়াইয়ের চেষ্টা করছেন।"
অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে জেলে যাবেন, এই প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, "অভিষেক শ্রীঘরে যাবে, এটা ফাইনাল।" মন্ত্রিসভার পাঁচজন মন্ত্রী জেলে থাকা প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের আসার আগেও অনেক মন্ত্রী জেল খেটেছে। ওদের জন্য জেল খাটা কোনও ব্যাপার নয়।"
এদিন বামেদের বইমেলা নিয়ে মিছিল প্রসঙ্গেও সিপিএমকে তীব্র কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, "সিপিএমের ভবিষ্যৎ মমতা ব্যানার্জির থেকেও খারাপ হবে। সিপিএম পৃথিবীর মানচিত্র থেকে উঠে যাবে।"
বই বিক্রির রেকর্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, "ওদের বই কে পড়ে? দোকানে দেখায় আমি বইটা বিক্রি করলাম, আর ওই বইটা আবার ওদের কাছেই ফিরে আসে। এটা কাঁসার নাটক। সিপিএম এখন নাটক কোম্পানিতে পরিণত হয়েছে। রেকর্ড বই বিক্রির যে দাবি করা হচ্ছে, তার অডিট রিপোর্ট ইনকাম ট্যাক্সে জমা পড়বে, সেটাও খতিয়ে দেখা হবে।"




ছবি: প্রবীর রায়।
Nov 04 2026, 06:29
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1